Tuesday, January 26, 2016

কোরিয়ার খাবার-দাবার - স্ট্রীট-ফুড পর্ব


চিয়ংগায়্চেয়নের পরের পর্ব লেখার কথা ছিল। কিন্তু জানেনই তো কেউ কথা রাখেনি। আমিই বা রাখব কেন? ইচ্ছা হলে লিখবখন। আপাতত কোরিয়ার খাবার-দাবার নিয়ে একটু লিখি। অনেকের অনেক অভিজ্ঞতা  আছে। আমাদের খুব একটা নেই। তবু যেটুকু জানি লিখি। আমি লেখাটাকে মোটামুটি ৩ ভাবে ভাগ করেছি। প্রথমভাগে আছে স্ট্রীট-ফুড, পরেরভাগে লাঞ্চ-ডীনার টাইপ, তাপ্পর ঘরোয়া কোরিয়ান খাবার। তারপর কিছু বেঁচে থাকল মনে হলে ঢুকিয়ে দেব কোনো এক দলে। প্রথমে স্ট্রীট-ফুড দিয়েই শুরু করি। আগেরদিনই লিখেছি যে কোরিয়ান স্ট্রীটফুড গুছিয়ে ভালো খেতে। আমরা থাকি ইঞ্চিয়নে, ইউনিভার্সিটি লাগোয়া অঞ্চলে। এইসব জায়গা সবসময়ই ফাস্ট-ফুডের জন্য ভালো হবেই। প্রসঙ্গে বলে রাখি, স্ট্রীটফুডের জন্য কিছু স্পেসিফিক জায়গা আছে। আমরা ইঞ্চিয়ন বাস স্ট্যান্ড, ইনহাদেসিওলের হংদে, ইনসাদং, সিটি হল এসব জায়গায় খেয়েছি।  হংদে আর ইনসাদং হাল স্ট্রীটফুডের স্বর্গ।

গেরংপ্যং - আসার দু-একদিন পর প্রথম বিকেলে যে জিনিসটা খেয়েছিলাম তাকে বলে গেরংপ্যং একটা দোকানের সামনে অনেক ছেলে-মেয়ে খাচ্ছে দেখে আমরাও গেলাম। মাত্র ৬০০ইয়ন দামের একটা প্যানকেক টাইপ বস্তু। ভিতোরে একটা হাল্ফ সেদ্ধ (ঠিক হাফও নয়, ঐ হাফ বয়েল আর ফুল সেদ্ধর মাঝামাঝি একটা ব্যপার) ডিম। খেতে বেশ ভালই, কিন্তু খুব ভালও না। ভবিষ্যতে আর খাইনি। ছবি পাচ্ছিনা খুঁজে, পেলে লাগিয়ে দেব।
গেরংপ্যং
তিওকবক্কি - হেব্বি জিনিস। কোরিয়ায় রাইস কেক জিনিসটা একটা আর্ট। রোগা-মোটা-লম্বা-বেঁটে-সরু-পাতলা, কি রকম চাই? সবধরনের রাইস কেক এখানে আছে। তিওকবক্কি একটা রাইস কেকের স্যুপ না সস কি বলব জানিনা সেরকম একটা জিনিস। মোটের উপর লম্বা-সরু রাইসকেক দিয়েই হয়। কোরিয়ার রাস্তা-ঘাটে, bloggযেখানে-সেখানে রাস্তার ধারে ছোট ছোট স্টলেই এইটা থাকে। রাইস কেকগুলো সেদ্ধ থাকে, তারউপর লাল সস (এটার বিষয়ে পরে লিখছি) বেশ একটা মাখোমাখো ব্যপার। খেলে বেশ কিচ্ছুক্ষণ নাকেজ্জলেচোকেজ্জলে হবেন। মিস্টি-ঝাল মিশিয়ে অদ্ভুত খেতে। ব্যাপারটা খেয়ে ফেলার পর দারুণ তৃপ্তি হয়। দাম অ্যারাউন্ড ২০০০ ইয়ন
তিওকবক্কি (নেট থেকে ছবি)
ওদেং - এটা একটা ফিশকেকের প্রিপারেশন। ঐ তিওকবক্কির স্টলেই ওর পাশেই থাকে। একটা লম্বা কাঠিতে একটা ফিশকেককে জিগজ্যাগভাবে ঘেঁথে দেয়। পাতলা করে কাটা কোনো সামুদ্রিক মাছের ফিলে, তারউপরে একটা পাতলা কেকের কোটিং। সাথে আপনি স্যুপ নিতে পারেন। তথাকথিত বাঙালী রেস্টুরেন্টের মত স্যুপ নয়। একটা ওপেন  কড়াইতে সুয়্প সারাদিন ফুটছে। আপনার ওদেং-ও ওতেই ডোবানো ছিল। পাশে কাগজের কাপ আছে (আমাদের চায়ের কাপের মত), ওটায় যত ইচ্ছা নিন, খান। আপনি যদি আমার মত খাঁটি ঘটিমনোভাবাপন্ন হন, প্রথমপ্রথম খেতে চাইবেননা। কারণ শুঁটকি মাছের মত একটা গন্ধ।  দেবপ্রিয়া, আমার স্ত্রী, যখন প্রথম দিন থেকেই সেটা হাপুস-হুপুশ করে খেত, আমি ভাবতাম খাচ্ছে কি'করে। কিন্তু বিশ্বাস করুন, শীত একটু পড়ার পর, একদিন অল্প খেয়ে দেখলাম, এখন আমি ওর থেকে বেশি স্যুপ খাই। দাম অ্যারাউন্ড ১০০০ ইয়ন
ওদেং(নেট থেকে ছবি)  
তুইঙ্গিম - নামটা একটু অন্যরকমও হতে পারে, কিন্তু আমি এটাই বুঝেছি। এটা একটা ফ্রায়েড স্ন্যাকস টাইপ, অনেকটা চপ-টাইপ। তিওকবক্কি বা ওদেঁ-এর স্টলে পাওয়া যায় অনেকসময়। আবার শুধু আলাদা এর স্টলও আছে অনেক। অনেকরকম ভাজা আইটেম থাকে, ছবি দেখলেই বুঝবেন।  কোনোটা আলুর, কোনোটা চিকেন, রাঙা-আলুর, চিংড়ির বা কোনো সামুদ্রিক মাছের। উপরে একটা কোটিং (অনেকটা আমাদের বেনফিশের বাটারফ্রাই-এর মত) কিন্তু আসল পার্থক্য প্লেটে। জায়গা বিশেষে একএকরকম দাম। দাম ৩০০০ থেকে ৫০০০ ইয়নের মধ্যে (১১০০ ইয়ন= ১ডলার ধরে নেবেন) আপনি নিজে কোনো ৫বা৬টা আইটেল পছন্দ করে দিলেন, দোকানী এবার সেগুলোকে কাঁচি দিয়ে কেটে প্লেটে সাজিয়ে উপরে অগে বলা লাল-সস ( কোথাও কোথাও তিওকবক্কিও) ঢেলে দেবে। পাশে আগে বলা স্যুপও থাকবে। যত ইচ্ছা স্যুপ খান। একটা ছোট্ট বো'লে একটা লংকার সস রাখান থাকবে, তাতে একটা মোটা মাথার পেইন্ট ব্রাশ। ঐ ব্রাশে করে যত ইচ্ছে সস নিয়ে (অল্প নিলেই আপনি শেষ যদিও) আপনার চপে মাখিয়ে নিন। এবার খেয়ে ফেলুন। (ক্ষিদে পেয়ে গেল, লিখতে লিখতে)
তুইঙ্গিম
বুঙ্গিওপ্পম - এটা আমার জন্য অসম্ভব বাজে খাবার। কিন্তু অনেকেই বেশ খায়। একটু শীত পড়লে স্টলে  স্টলে একে দেখা যায়। শেপ মাছের মত। একদম চারাপোনার শেপে বানায়। উপরের কোটিং থাকে প্যানকেকের মত, ভিতেরে একটু মাছ আর বাকিটা রেডবীন পেস্ট দিয়ে স্টাফড। ২০০০ডলারে ৪-৫ পিস হয় মোটামুটি। আমার সাজেশন খাবেননা।

বুঙ্গিওপ্পম(নেট থেকে ছবি)
মান্ডূ/ডাম্প্লিং- আমাদের মোমোর বড়দা। দাম আয়তন ও ভিতরের বস্তুর উপর ভিত্তি করে পাল্টায়। স্টলগুলোতে সারাক্ষণ ভাজে, ফলে গরম-গরম খেতে অসাধারণ ভালো। ভিতরের পুর কিমচি থেকে শুরু করে চিকেন, পর্ক, আলু যা খুশী হতে পারে। মার্কেটগুলোতে ফ্রোজেন মান্ডুও পাওয়া যায়, বাড়ি গিয়ে ভেজে খান, দারুণ।

মান্ডূ/ডাম্প্লিং(নেট থেকে ছবি)
হোত্তেওক - এটাকে আমরা প্যানকেক বলি অনেকসময়। কিন্তু এর সাথে প্যানকেকের ডিফারেন্স আছে। এর ভিতরে পুর থাকে ( পুরটা খেতে অনেকটা পাটিসাপ্টার পুরের মত) সারক্ষণ গরম প্যানে পরে  থাকে, কেউ চাইলে তেন ঝেড়ে দেয়। দাম ২০০০ এর মধ্যেই হয়।
হোত্তেওক
দাক্কোচি - এটা আমার স্ট্রীটফুডের লিস্টের সেরা খাবার এটা প্রথম খেয়েছিলাম চিয়ংগাইচিয়নে। ঐ লেখা থেকেই কপি করে দিই।
 " প্রায় দেড় ফুট লম্বা টুথপিকের মত বাঁশের কাঠি ( কি বলে জানিনা) তাতে মাংস-সেলেরি এসব ভাজা গাঁথা আর পুড়িয়ে পুড়িয়ে রাখছে সশ মাখিয়ে। দেখে বেশ লাগল, জিভে জল-টল এসে একটা কিনে ফেললাম। অসাধারণ খেতে, সেটা উনার ছবি একটা লাগাছি, মুখ দেখেই বুঝে যাবেন। সাথে কাগজের কাপে একটা ঝোল মত। এটা ফ্রি। কোরিয়ানগুলো দেখছি ২-৩ কাপ করে সেই স্যুপ বা জল  যাই বলুন খেয়ে যাচ্ছে। আমরা টেস্ট করব বলে একটা কাপ নিলুম। চুমুক দিয়েই শুঁটকির স্যুপ!  আমার ঘটি সত্তা জেগে উঠল, খাবই না। তো সেই স্যুপ আমার বাঙাল বৌ হাপুস-হুপুস করে খেল। একটা কাঠি দুজনে মিলে খাওয়ার পর তেনার ইচ্ছা আরো খাবো একই জিনিস। এবার আমি বোঝালাম, "দ্যাখ, সামনে কত দোকান, এক জিনিস খেয়ে পেট ভরালে হবে?" তিনি বুঝলেন। যেটুকু কোরিয়ান জানি তাতে দাম জিজ্ঞাসা করলাম, "ওলমাএয়ো?" বলে কিনা দেড়-হাজার ইয়ন। বেশ সস্তা, এক হাজার ইয়ন মানে এক ডলারের কিছু কম। এখানে এক ডলারের কম কিছু পাওয়াই যায়না। সেখানে এটা বেশ সস্তা।"
দাক্কোচি

দাক্কোচি

তাকোয়াকি - চীস বল উইথ শ্রিম্প? বলা যেতে পারে এরকম। বানানোর প্রেসেসটা বেশ ভালো। কয়েকটা ছবি লাগাচ্ছি, দেখে বুঝবেন। চীস বলের মতই খেতে, কিন্তু ভিতরে চিংড়ি বা স্কুইড থাকে। আর কয়েকটা বলের উপরে তেরিয়াকি সস আর রেড সস মিশিয়ে ঢেলে দেয়। দাম ঐ ৩০০০ এর আসেপাশে। আচ্ছা, এই ফাঁকে রেড সসটা বলে নিই। আমি যতটা বুঝেছি তাতে সয়াসসের সাথে রেড পেপার পেস্ট (এখানকার ভাষায় "ঘোচুজাং") আর রাইস সিরাপ মিশিয়ে বানায়
তাকোয়াকি (বানানো শুরু)

তাকোয়াকি (মাঝের স্টেজ)

তাকোয়াকি (ফাইনাল প্রোডাক্ট)

বেয়নদেগি - এটা সাহস করে খেতে পারিনি। পারব বলেও মনে হয়না। স্টীমড সিল্কওর্ম। আর কিইবা বলি। এর থেকে বেশি জানিনা। ছবি লাগাচ্ছি একটা নেট থেকে নামিয়ে, দেখে বুঝে নিন।
বেয়নদেগি (নেট থেকে ছবি)

সান্দে - ভাববেন না যে এটা কোনো আইসক্রীম। এটা পর্কের ব্লাড-সসেজ। দেখতে কেমন একটা বলে এখনো সাহস করে খেতে পারিনি। নেটের থেকে পাওয়া ছবিই দিলাম।
সান্দে (নেট থেকে ছবি)

স্মোকড শুঁটকি ?? - এটাকে কি বলব? জানিনা। শুঁটকি তো অবশ্যই। কিন্তু কিসের? কোন মাছ জানিনা। কোরিয়ার প্রিয় স্ন্যাক্স। সবজায়গায় পাবেন। যেখানে সেখানে সবাই বিস্কুটের মত খায় (এমনকি আমাদের ল্যাবে লোকজন খেতে খেতে রিসার্চও করে) খেয়ে দেখেছি, একেবারে খারাপও নয়
স্মোকড শুঁটকি(নেট থেকে ছবি)

গিম-বাপ - বাপ মানে ভাত। গিম-বাপ খেতে বেশ ভালো। এটা অনেক ভ্যারিয়েশনে পাওয়া যায়। ভাতটা ফ্রায়েড থাকে। কোরিয়ান রাইস স্টিকি। ফলে যেকোনো শেপ করা সহজ। কখোনো গোল, কখোনো ত্রিকোণ আকারে থাকে। আর পুরোটা থাকে সী-উইড -এর কভারে। seaweed একটা সামুদ্রিক পাতার মত ব্যাপার ( এর বেশি জানিনা, বায়োলজিতে কাঁচা) খেতে বেশ ভালো। অনেকসময়ই দুপুরের লাঞ্চও অনেকে ২-৩ টে গিম-বাপ দিয়েই সেরে নেয়। দাম সাইজের উপর নির্ভর করে ৭০০ থেকে ২০০০ অব্দি হয়।

গিম-বাপ(নেট থেকে ছবি)
টর্নাডো পটাটো - এর কোরিয়ান নাম জানিনা। একটা গোটা আলুকে অদ্ভুতভাবে কেটে লম্বা কাঠিতে গুঁজে ফ্রাই করে দেয়। খেতে চিপসের মত। কিন্তু মিস্টি মিস্টি। কিছু একটা সস মেশায়। দাম ২০০০ মতন।
টর্নাডো পটাটো(নেট থেকে ছবি)

এছাড়াও প্রচুর রকমের ওয়াফেল, প্যানকেক, হটডগ বা আরো কিছু পাওয়া যায়, এখনো পুরো দেখে উঠতে পারিনি। চেষ্টা চালাচ্ছি।

হাত ব্যাথা  করছে। পরের এপিসোড আসবে খুউব শ্রীঘ্রই।



Tuesday, November 24, 2015

চিয়াংগয়চিয়ন - প্রথম দর্শন

Cheonggyecheon বাংলা করা দুঃসাধ্য, তবু আমি যেটা উচ্চারণ করি, সেটা লিখলে চিয়াংগয়চিয়ন সিওলে কোথায় ঘুরতে যাব কম পয়সায় খুঁজতে বসলে এটা পেলাম এর আগে সিওল টাওয়ার ঘুরে খুব আশাহত হয়েছি খুব একটা পোষায়নি তাই এখানে যাব ঠিক করলাম যদিও আমার থেকে দেবপ্রিয়া মানে আমার স্ত্রীর ইচ্ছাটা একটু বেশি কারণ? সেটা বলতে হলে একটু গৌরচন্দ্রিকার দরকার আছে

চিয়াংগয়চিয়ন আসলে একটা নালা ছিল এককালে, যখন দক্ষিণ কোরিয়া ঠিক উন্নত হয়ে ওঠেনি, অনেকটা আমাদের টালি নালার ( বা উত্তর কোলকাতার চিৎপুর খাল) মত তখন একে বলত গেয়চিয়ন, সারা শহরের নোংরা জল জমত, ধোপার কাপড় কাচত (নোংরা জলে কিনা জানিনা, তাই লেখা আছে), এইসব আরকি আসেপাসে গুছিয়ে বসতি ছিল যার বেসিরভাগটাই নিম্নবিত্ত এরপর দক্ষিণ কোরিয়া উন্নতি করছে, সিওল অন্যতম উন্নত শহর, তার মধ্যে এসব নালা থাকতে নেই বলে সিওলের মেয়র ২০০৩ না কবে একটা ঠিক করল এটা নতুন করে সাজাতে হবে ব্যাস, আসেপাসের বসতি উড়িয়ে (তাদের কি হয়েছিল জানিনা, কোনো বিক্ষোভ হয়েছিলো কি কলকাতার মত!!), নালার জল পাল্টে ফেলা হল হান নদী থেকে জল পাম্প করে করে বছর ধরে পুরো জল পাল্টে ফেলেছিল, সাথে সাথেই নালার দুপাশ নতুন করে সাজিয়ে ২০০৫এ এটা সাধারন দর্শকের জন্য খুলে দেওয়া হয়

একটু উইকিলব্ধ জ্ঞান লিখে ফেলা যাক আমার এই ব্লগ কেউ পড়বে সে আশা করিনা কিন্তু যদি কেউ পড়েও ফেলে, তারপর আবার যেন নেট খুলে খুঁজতে বসতে না হয় তাই লিখে ফেলি চিয়াংগয়চিয়ন একটা খাল, বা নালা যা বলব তাই তবে লম্বায় অনেকখানি, ১০. কিমি হান থেকে শুরু করে শহরের মাঝখান দিয়ে গিয়ে আবার হানেই মিশেছে শুরুর সময় চওড়ায় আমাদের টালিনালার মত হলেও শেষে অনেকটাই মোটা আর জল স্বচ্ছ বললে কম বলা হয় এই রিস্টোরেশন প্রজেক্ট হওয়ার সময় নাকি ভালই ঝামেলা হয়েছিল প্রায় ২৮০মিলিয়ন ডলার খরচ করে একটা জাস্ট নালার সৌন্দর্যায়ন নিয়ে ঝামেলা হওয়াই স্বাভাবিক, তার উপর কি'সব ঐতিহাসিক অথেন্টিসিটি নিয়েও প্রশ্ন ছিল সে থাক, আঅমরা কোরিয়ান হিস্ট্রি জানিই বা কি আর ওরা পয়সা কোথায় খরচ করছে তা নিয়ে মাথা ব্যাথাও নেই কয়েক মাস বা বছর থাকব, ঘুরব, চলে যাব আর বেশি ডিটেলসে না গিয়ে ঘোরা যাক

ভারতের সাথেও চিয়াংগয়চিয়ন-এর কানেকশন আছে গ্যাংস্টার সিনেমার একটা গানের কিছু দৃশ্য নাকি এখানে শ্যুট হয়েছিল কিন্তু যথারীতি, হিন্দী সিনেমা, তায় ইমরান হাসমি, আমি দেখিনি এখানে অনেকদিন থাকা এক বাঙালী বন্ধুর থেকে এটা জানলাম দক্ষিণ কোরিয়ার মত জায়গায় থেকে এইটুকু দেশের সূত্র পেলেও বিশাল মনে হবে কারণ এখানের সাথে ভারতের যোগসূত্র খুবই কম সে যাই হোক, ভাবলাম ঘুরেই আসি। আমার স্ত্রী আর্কিটেকচারের ছাত্রী তায় regeneration, conservation নিয়ে কাজ করতে চায়, ফলে তার কাছে এটার গুরুত্ব বুঝতে পেরে এবং ভারতীয় কানেকশনের কথা মাথায় রেখে এখানে যাওয়াই স্থির করলাম

আমরা থাকি ইন্চেয়নে। এশিয়ান গেমসের পর নামটা অনেকেরই শোনা। আর উল্লেখযোগ্য হল দক্ষিণ কোরিয়ার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বলতে এটাই ( আরেকটা আছে, না থাকার মতই)। এখান থেকে সিওল যেতে সবথেকে ভালো উপায় সাবওয়ে। সাবওয়েরও অনেক গল্প আছে, সেসব নাহয় পরেই বলব। ঠিক হল রবিবার দুপুর-দুপুর নাগাদ একটু খেয়ে বেরব।

শনিবার রাতে লিভারপুলের খেলা দেখলাম, তারপর আর রবিবার সকালে ওঠা সম্ভব হলনা। কখন যেন উঠলাম, স্নান-খাওয়া সেরে বেরোলাম প্রায় ৩টেয়। প্রথমে যেতে হবে আমাদের কাছের সাবওয়ে স্টেশন জুয়ানে। সেখানে পৌঁছে সিওল সিটি হলের ট্রেন ধরলাম।

চিয়াংগয়চিয়ন-এর (বারবার এত্ত বড় নাম লেখা যায়না। এরপর থেকে একে নালাই বলব) যে কোনো জায়্গা থেকেই ঘোরা শুরু করা যায়, কিন্তু আমরা দেখলাম সিটি হল স্টেশন আমাদের সাবওয়ে লাইনেই থাকবে, তার উপর এটা এর একটা শুরুর পয়েন্ট। ফলে সিটি হলে নামাই ঠিক করলাম। অক্টোবর মাস। ভারতে দুর্গা পূজোর আগের সময়, খুব একটা শীত এখানেও পড়ার কথা নয়। তবু একটা করে হালকা জ্যাকেট নিয়েই বেরলাম। সিটি হল স্টেশন পৌঁছতে লাগে প্রায় ১ ঘন্টা। ট্রেন থেকে নেমে স্টেশনের মধ্যেই কেমন একটা কেঁপে গেলাম। ফোনের অ্যাপ জানালো বাইরের টেম্পারেচার ১০ ডিগ্রী সাথে বিশাল হাওয়া আর অল্প বৃষ্টি।

স্টেশন থেকে বেরলাম। সিটি হল জায়গাটা সিওলের বেশ বিখ্যাত জায়গা। এখানে বেশ কিছু ভালো হোটেল, তারপর অফিস, প্লাজা ইত্যাদি আছে। সিটি হল স্টেশনে নেমে একটু এগিয়ে গেলেই নাকি চিয়াংগয়চিয়ন শুরু। এখানে ভাষা বুঝিনা এখনো, ইংরাজী এরা ৯০% লোক বোঝেনা, আমি বেশ বাংলাতেই দোকান বাজার করি। স্টেশনে নেমে গুগলম্যাপ ভরসা করে এগিয়ে চললাম।

একটু পরই দেখলাম একটা বিশাল বড় আইসক্রীমের স্কুপের মত কি একটা। সেটা কি জিনিস সেইদিন বুঝিনি (পরে বুঝেছি, ধৈর্য্য থাকলে লিখব)। সামনেই একটা খোলা মঞ্চে ট্র্যাডিশনাল কোরিয়ান নাচের অনুষ্ঠান হচ্ছে। লোকে একইধরনের রেইনকোট পড়ে লাইন দিয়ে বসে দেখছে। আমরাও একটু দাঁড়িয়ে দেখলাম, ভাষা না বুঝলেও এরকম লোকগীতির রকমের সুরগুলো খুব কাছের লাগে, শুনতেও খারাপ লাগেনা, আর সাথের নাচটা অদ্ভুত রকমের। একজন প্রৌঢ় গায়ক গাইছিলেন। একটা ছবি থাক তার। আমাদের মত বেশ কিছু ফরেনারও দেখলাম এখানে দাঁড়িয়ে আছে। আমেরিকা-টামেরিকা যাইনি, সেখানে কি হয় বলতে পারবনা তবে সিওল-ইন্চেয়নে ফরেনাররা নিজেদের দেখলে বেশ মিস্টি করে হাসে, আমরাও শিখে গেছি সেটা। বোধহয় ইংরাজী জানা লোক দেখে হাসে, সে যাই হোক, বড্ড বেশি বেলাইনের কথা বলছি।

গান ও নাচ



গান ও গায়ক


তারপর একটা ছোট্ট টানেলের মধ্যে দিয়ে নালার পাশে ঢুকতে হল। আসে-পাসের রাস্তা অনেক উঁচুতে, সেখান দিয়ে বাস-অন্যান্য গাড়ি চলছে। আর নালার পাশ দিয়ে হাঁটার রাস্তা, আর নানারকম সাজানো।টানেল থেকে বেড়িয়েই প্রথমে একটা ঝরণা। জানিনা খুব ভালো কিনা, তবে আমার খারাপ লাগলনা। স্বচ্ছ জলের ঝরণা, সামনে ড্রাগণের স্কাল্পচার, বেশ ভালো। তখনো অন্ধকার হয়নি, নাহলে এটা লাইটনিং ফাউন্টেন, তো ছবি নিয়ে এগিয়ে চললাম। আরো অনেককিছু কাগজের বাননো নক্সা ঝুলছে। কখনো ড্রগন, কখনো সাপ, কখনো পেঙ্গুইন বা ডলফিন। এখানে নাকি নভেম্বরে লন্ঠন উৎসব হয়। তখন আসব ভাবছি আবার। নালার দুপাশ দিয়ে রাস্তা, কিছু বাদে বাদে এপার ওপার হওয়ার জন্য ব্রিজ। বা জলের উপর দিয়ে এপার-ওপার করার জন্য পাথর রয়েছে। বাচ্ছা ছানাগুলো বেশ জলে হাত-পা ডুবিয়ে বসেও পড়েছে। ব্রিজের তলাগুলো কোলকাতার মত এখানেও কপোত-কপোতিদের প্রেম করার স্থান (বৃষ্টির জলের ভয় নেই)।
ঝরণার সামনে

ঝরণার সামনে
ভাঙা ছাতা- কি মানে !! কে জানে!!

ব্রিজ

হাতি - এরাই পরে পাল্টে যাবে
ব্রিজ
একটু হেঁটে বিরক্তই লাগল যে সবই কেমন সাজানো-গোছানো, মানে খুবই মেকি। জলের তলায় আলো, জলে কোনো মাঝ বা পোকা নেই, নালার পাশে কংক্রিটে সাজানো রাস্তা, রাস্তার পাসে প্ল্যান মাফিক গাছ বসানো, কোনোটার ডাল একটু বেড়ে গেলেও ছেঁটে দিয়েছে বোঝা যাচ্ছে। দেওয়ালে মার্বেলের গ্রাফিটি। বড্ড বেশিই সাজানো, পাখি আছে কিছু, কিন্তু না পোকা, না মাছ, তাহলে আর কি ইকলজি মেনেছে এরা। এইসবই আলোচনা করতে করতে এগোলাম দুজনে।কোনো ব্রিজের তলায় ছবির প্রদর্শনী, এইসব দেখতে দেখতে এগোলাম। কিছু হাতি-জিরাফের স্ট্রাকচার দেখলাম। কিছুই বুঝলাম না কেন রেখেছে। ধুর বেকার লাগল।

তাহলে লিখছি কেন? এরপরই আসল জিনিস। আমরা বাঙালী, ছোটবেলা থেকে কয়েকটা জিনিস ভালোবাসতে শিখেছি, ফুটবল, বই, ঘোরা আর খাওয়া। দুপুরে বিশেষ কিছু খাইনি, ক্ষিদে পেয়েছে গুছিয়ে, তার মধ্যে মনও ভরেনি তো দেবপ্রিয়া বলল, "চল কাটিয়ে দিই, উপরের রাস্তায় বেশ কফির দোকান দেখতে পাচ্ছি।" আমিও মনে মনে তাই ভাবছিলাম।

মার্বেলের দেওয়ালে মাঝে মাঝেই উপরে ওঠার সিঁড়ি আছে। সেই বেয়ে উপরে এলাম। লাইন দিয়ে বড় বড় সব দোকান। কোরিয়ায় কফি একটা শিল্পর পর্যায় চলে গেছে, প্রচুর কফির চেইন, এক একটা কফির দোকানে এক এক রকম টেস্ট। এখানে আমাদের এক প্রিয় কফির চেইন এডিয়া কফি। তাতে আবার একটা কার্ড দেয়, ১০টা খেলে একটা ফ্রী। উপরে উঠেই এডিয়ার জন্য এদিক ওদিক ঘুরলাম, পেলামনা। দুজনের মাথা গরম হব হব করছে।

এবার নালার প্রায় পার্পেন্ডিকুলার এক রাস্তায় এমনিই হাঁটতে হাঁটতে ঢুকে পড়লাম। লাইন দিয়ে দোকান। কিন্তু সমস্যা হচ্ছে, কেউ ইংরাজি জানেনা। সিওলের স্ট্রীটফুড বিখ্যাত। ঠিক করলাম তাই খাব, কিন্তু কি খাব? কিছুই বুঝিনা। প্রথম দোকানেই দেখলাম এক প্রৌঢ়া ভাজা অনেক কিছু বেচছে, আর অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। দুরে দাঁড়িয়ে দুজনে ঠিক করলাম একটা আইটেম। প্রায় দেড় ফুট লম্বা টুথপিকের মত বাঁশের কাঠি ( কি বলে জানিনা) তাতে মাংস-সেলেরি এসব ভাজা গাঁথা আর পুড়িয়ে পুড়িয়ে রাখছে সশ মাখিয়ে। দেখে বেশ লাগল, জিভে জল-টল এসে একটা কিনে ফেললাম। অসাধারণ খেতে, সেটা উনার ছবি একটা লাগাছি, মুখ দেখেই বুঝে যাবেন। সাথে কাগজের কাপে একটা ঝোল মত। এটা ফ্রি। কোরিয়ানগুলো দেখছি ২-৩ কাপ করে সেই স্যুপ বা জল  যাই বলুন খেয়ে যাচ্ছে। আমরা টেস্ট করব বলে একটা কাপ নিলুম। চুমুক দিয়েই শুঁটকির স্যুপ!  আমার ঘটি সত্তা জেগে উঠল, খাবই না। তো সেই স্যুপ আমার বাঙাল বৌ হাপুস-হুপুস করে খেল। একটা কাঠি দুজনে মিলে খাওয়ার পর তেনার ইচ্ছা আরো খাবো একই জিনিস। এবার আমি বোঝালাম, "দ্যাখ, সামনে কত দোকান, এক জিনিস খেয়ে পেট ভরালে হবে?" তিনি বুঝলেন। যেটুকু কোরিয়ান জানি তাতে দাম জিজ্ঞাসা করলাম, "ওলমাএয়ো?" বলে কিনা দেড়-হাজার ইয়ন। বেশ সস্তা, এক হাজার ইয়ন মানে এক ডলারের কিছু কম। এখানে এক ডলারের কম কিছু পাওয়াই যায়না। সেখানে এটা বেশ সস্তা।

দুজনেরই মুখ-জুভ এবার খাব খাব করছে। এরপর যেটা খেলাম সেটা ভাজাভুজি টাইপ। এক মহিলার স্টল আবার। অনেক রকম ভাজাভুজি সামনে। পিছনে লেখা ৩ডলার। বুঝলামনা, কোনটা ৩। তো সাহস করে বললাম, "হানা" মানে একটা। তো উনি করলেন কি, পাঁচ খানা আলাদা আলাদা চপ বলব কি? অনেকটা বাটার্ফ্রাই মত জিনিস, দুটো আলুর, দুটো চিংড়ির আর একটা মনে হল স্কুইডের চপ  তুললেন, কাঁচি দিয়ে ঘ্যাচঘ্যাচ করে কাটলেন, কেতে একটা প্লেটে করে দিলেন অনেকটা ঝোল ঢেলে। ঝোলটা এখানকার টিপিক্যাল কোরিয়ান রাইস কেকের লাল ঝোল। এখানেও সাথে শুঁটকির স্যুপ আছে। বৌ হেব্বি খুশি। কয়েকটা চপে কামড় দেওয়ার পড় ঝাল লেগে আমিও শুঁটকির স্যুপ খেয়ে ফেললাম এককাপ। স্যুপ নেহাৎ খারাপ লাগলনা। আর চপ? অসাধারন জিনিস। এখন বুঝছি কেন সিওলের স্ট্রীটফুড বিখ্যাত। ভাবছি কোরিয়ান খাবার নিয়ে একটা এপিসোড লিখব। এরপর পেট ভর্তি। খেলামনা আর কিছু একটা স্টল থেকে মোজা কিনলাম। কোরিয়ানদের মোজার টাইপ ও একটা শিল্প, একটা ছবি রেখে গেলাম, আমাদের দুজনের কেনা মোজার।

আসল যে উদ্দেশ্যে উপরে ওঠা সেই কফির খোঁজ পড়ল আবার। এক গলি দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ  একটা দোকান দেখতে পেলাম। ছোট্ট ঘুপ্চি দোকান, কিন্তু কফির মেনু ইংলিশে লেখা। এখানে আমরা এটা দিয়েই দোকানের লেভেল বিচার করি প্রথমে, ইংলিশে লেখা মানে অন্যদের থেকে ভালো। দোকানে এক মধ্যবয়স্কা মহিলা। দেখে বুঝলাম এটা টিপিকাল কফির দোকান। অনেক কাঁচের বয়ামে কফি রাখা, কোনোটায় লেখা ইজিপ্ট, কোনোটায় ইথিওপিয়া-ব্রাজিল-নাইজেরিয়া আরো কতকিছু। জিজ্ঞাসা করলেন যে কোন দেশের খাব, একজন ইথিওপিয়ার ব্ল্যাক কফি নিলাম। উনি সামনে বসে ফিল্টার-টিল্টার করে কফি বানালেন। উফ্ফ!! যা-তা ভালো খেতে!! আবার ওদিকে গেলে ওখানেই কফি খাব, দাম যদিও একটু বেশির দিকে, তবু।

কফি-টফি খেয়ে দুজন নিজেদের জিজ্ঞাসা করলাম, "আবার কি দরকার আছে ঘোরার??" দেখলাম দুজনেরই এবার ফেরার ইচ্ছা। তো ওখান থেকে আর একটু হঁএটে এসে জোগ্নো৫গা স্টেশনে এসে ফেরার সাবওয়ে ধরলাম।

এবার আসল প্রশ্ন নিশ্চয়ই আপনাদের মনে আসছে, "ব্যাটা, ঘোরার কথা তো একটুখানি, তাও পোষায়নি। তাহলে ঘটা করে ব্লগ লিখে আমাদের পড়ালি কেন?" হুম্ম, একদম জেনুইন প্রশ্ন। তবে এরও কারণ আছে। আমি যেটা লিখলাম উপরে সেটা অক্টোবর মাসে। আর ওখানেই লিখেছি নভেম্বরে এখানে লন্ঠন ফেস্ট, তখনও এখানে এসেছি। তখনকার অভিজ্ঞতা একদম আলাদা। সেটাও লিখব এরপর। এটা শুধু ইন্ট্রোডাকশন হল। পড়তে থাকুন, এরপর আসবে "লন্ঠনে চিয়াংগয়চিয়ন"।









কোরিয়ান স্ট্রীটফুড

কোরিয়ান স্ট্রীটফুড

কোরিয়ান মোজা


বিঃদ্রঃ আমাদের কোনো ক্যামেরা নেই সাথে, মোবাইলও এলজির। তাই ছবির কোয়ালিটির কথা বলে আমাদের লজ্জা দেবেননা।